খুলনায় দরপত্র জমাদানে বাধার অভিযোগ
খুলনা মহানগরীর দৌলতপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দরপত্র দাখিলে ঠিকাদারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ঠিকাদার কামরুল ইসলাম।
তবে সরকারি দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন।
কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খুলনা জোনের (খুলনা ও সাতক্ষীরা) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারের জন্য ১৭ কোটি টাকার ১৩টি গ্রুপের ঠিকাদারি কাজের জন্য দরপত্র জমাদানের দিন ছিল বৃহস্পতিবার।
“দুপুরে সাধারণ ঠিকাদাররা দরপত্র দাখিল করতে গেলে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়েন।
“ঠিকাদাররা দরপত্র জমা দিতে না পেরে পুনঃদরপত্র আহ্বানের লিখিত আবেদন জমা দিতে গেলে তা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন ওই নেতাকর্মীরা।”
এরপর ঠিকাদারদের জোর করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বের করে দেওয়া হয়, বলেন তিনি।
এ ব্যাপারে দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা প্রকৌশল অধিপ্তরে ঠিকাদারদের দরপত্র প্রদানে কেউ বাধা প্রদান করেছে কি না তা জানা নেই। তবে রাতে খোঁজ খবর নিয়ে জানানো যাবে।
দৌলতপুর থানার ওসি মারুফ আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সরকারি দলের কেউ দরপত্র প্রদানে বাধা প্রদান করেনি। দরপত্র শান্তিপূর্ণভাবে দাখিল করেছেন ঠিকাদাররা।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনা জোনের নির্বাহী প্রকৌশলী শেখ রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দরপত্র প্রদানে কেউ বাধা দিয়েছে কি না তা তার জানা নেই। এ ব্যপারে কেউ লিখিত কোনো আবেদনও করেনি।
