কিবরিয়া হত্যা: সাক্ষ্য দিলেন আরও ৩ জন
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরও তিন জন সাক্ষ্য দিয়েছেন।
এরা হলেন- ঘটনার প্রত্যক্ষদর্শী জমসেদ মিয়া, আব্দুস শহীদ ও জাহেদুর রহমান।
বৃহস্পতিবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে তাদের সাক্ষ্য নেওয়া হয়।
আদালতের সরকারি কৌসুঁলি (পিপি) কিশোর কুমার কর জানান, এই তিন জনসহ বৃহস্পতিবার পর্যন্ত কিবরিয়া হত্যা মামলায় ১৩ জনের সাক্ষ্য নেওয়া হল।
তিনি বলেন, “সাক্ষ্যগ্রহণের ষোড়শ দিনে এই মামলায় গ্রেপ্তারকৃত ১৪ জনের মধ্যে জিকে গউসসহ ১২ জনকে আদালতে হাজির করা হয়। অসুস্থতার কারণে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি; আইনজীবীরা তাদের পক্ষে হাজিরা দিয়েছেন।”
পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আদালত আগামী ২৩ ডিসেম্বর দিন ঠিক করেছেন বলেও জানান পিপি কিশোর কুমার।
৩০ সেপ্টেম্বর এই মামলায় প্রথম সাক্ষ্য দেন বাদী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদপরবর্তী এক জনসভা থেকে বের হওয়ার সময় গ্রেনেড হামলার শিকার হন কিবরিয়া; ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওই হামলায় আরও নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী; আহত হন শতাধিক নেতাকর্মী।
ওই দিন রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ।
