১৮ বছর ধরে বন্ধ ফেনী-বিলোনিয়া রেলপথ
‘লোকসানের মুখে’ বন্ধ হওয়া ফেনী-বিলোনিয়া রেলপথ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আটটি স্টেশনের অবকাঠামো, দরজা, জানালা, প্রভৃতি মালপত্রসহ সব অস্থাবর সম্পত্তি চুরি ও জবর দখল হচ্ছে প্রতিনিয়ত।
সরেজমিনে দেখা যায়, অনেক জায়গা থেকে ইতোমধ্যেই লাইন, স্লিপার, স্টেশনের দরজা, জানালা প্রভৃতি সম্পদ চুরি হয়ে গেছে। এসব ঘটনায় ফেনীর রেলপথ পরিদর্শকের কার্যালয় থেকে বিগত বছরগুলোতে লাকসাম জিআরপি থানাসহ সংশ্লিষ্ট থানায় অন্তত আটটি চুরির মামলা হলেও রক্ষা করা যাচ্ছে না এসব মূল্যবান সম্পত্তি।
পরিত্যক্ত রেলস্টেশনগুলোতে প্রতিনিয়ত বসছে মাদকের বেচাকেনা আর বখাটেদের আড্ডা।
ফেনীর রেলওয়ে উপ-সহকারী প্রকোশলী (পথ) মো. রশিদ আহম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯২৯ সালে নির্মিত ২৭ কিলোমিটারের এই রেলপথে বন্ধুয়ার দৌলতপুর, আনন্দপুর, মুন্সির হাটের পীরবক্স, নতুন মুন্সির হাট, ফুলগাজী, চিথলিয়া, পরশুরাম ও বিলোনিয়া নামে আটটি স্টেশন স্থাপন করা হয়েছিল।
“ এ রেলপথ লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়। ১৯৯৭ সালের ১৭ অগাস্ট কর্তৃপক্ষ ফেনী-বিলোনিয়া রেলপথটি বন্ধ করে দেয়। কর্মচারীদের বদলি করা হয় বিভিন্ন স্থানে।”
বিলোনিয়ার বাসিন্ধা ইউসুফ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন এ পথে ট্রেন চলা বন্ধ থাকায় সংঘবদ্ধ চোরের দল পুলিশের উপস্থিতিতেও রেললাইনের স্লিপার ও গাছ কেটে নিয়ে যাচ্ছে।”
মুন্সীরহাটের আনোয়ার আলী বলেন, ১৯৯৭ সালে ফেনী-বিলোনিয়া রুটে ট্রেন চলাকালে যেখানে ৩ টাকা দিয়ে মুন্সীরহাট থেকে ফেনী যাওয়া যেত সেখানে এখন ৩০-৩৫ টাকা খরচ হয়।
রেলমন্ত্রী মুজিবুল হক গত বছর ফেনী রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে ফেনী-বিলোনিয়া রেলপথ পুনরায় চালুর বিষয়টি সরকারের নজরে রয়েছে বলে জানান।
ফেনী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আইনুল কবির শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরশুরামে ভারত-বাংলাদেশ সীমান্তে বিলোনিয়া অংশে বিলোনিয়া স্থলবন্দর রয়েছে। এ বন্দর দিয়ে নিয়মিত বিভিন্ন জিনিসপত্র রপ্তানিও হচ্ছে।
ফেনী-বিলোনিয়া রেলপথটি পুনরায় চালু হলে যাতায়াত ব্যবস্থার সুবিধা বাড়ার পাশাপাশি ভারতের ত্রিপুরার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে। এতে দুই দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন বলেও জানান তিনি।
