রোকেয়ায় ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাজা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাউজুল হক ও এসএম নাজিয়া সুলতানার সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ডের সঙ্গে এক হাজার টাকা জরিমানও করেন।
দণ্ডপ্রাপ্ত আল মাসুম পারভেজ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মাজাহিদাবাদ ইউনিয়নের বটতলী গ্রামের আকবর আলীর ছেলে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি।
জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিন কারাভোগ করতে হবে বলে পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোর্শেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকালে ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা চলাকালে চতুর্থ ভবনে পরীক্ষার্থী আল মাসুম পারভেজ তার কানে ইলেক্ট্রনিক ডিভাইস বসিয়ে বাইরে থেকে প্রশ্নের শুনে লিখছিলেন।
“কক্ষ পরিদর্শকদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তার কানের ভেতর থেকে শব্দ শোনেন তারা।
“পরে তল্লাশি করে ওই পরীক্ষার্থীর কানের ভেতরে ছোট একটি ইলেক্টনিক ডিভাইস উদ্ধার করেন।”
