রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা শুরু রোববার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে রোববার।
ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে ভর্তি কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘এবছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ২১টি বিভাগে এক হাজার ২০০টি আসনের বিপরীতে ৫৪ হাজার ২৯২ টি আবেদন জমা পড়েছে।’
প্রতি আসনের বিপরীতে ৪৫ জন আবেদন করেছেন।
পরীক্ষার প্রথম দিনে কলা অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর ‘বি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ও ৮ ডিসেম্বর ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা নেওয়া হবে।
‘এফ’ ইউনিটের (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) পরীক্ষা হবে ৯ ডিসেম্বর এবং ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং ‘ই’ ইউনিটের (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) পরীক্ষা।
এবার সব পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটির সভাপতি উপাচার্য ড.এ কে এম নূর উন নবী জানান, প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চার পালায় বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। প্রতি পরীক্ষার সময় হবে এক ঘন্টা।
গত ১৫ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ২০ নভেম্বর।
এবারই প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কোটার পাশাপাশি দুশজনে একজন করে হিজড়া ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ভর্তি করা হবে।
