এক সপ্তাহে বেতন কাঠামো কার্যকরের আদেশ: মুহিত
এক সপ্তাহের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বিকালে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বেতন কাঠামো কার্যকরের আদেশ আইন মন্ত্রণালয়ে অপেক্ষমান রয়েছে। আজকালের মধ্যে তা অর্থমন্ত্রণালয় আসবে। এরপরই আদেশ জারি হবে।’
সেপ্টেম্বরের শুরুতে সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার, যাতে বেতন গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ বৃদ্ধি দেখানো হয়।
অর্থমন্ত্রী বলেন, দুই টার্ম সরকার কাজ করার সুযোগ পাওয়ায় কার্যক্রম শক্তিশালী হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।
“বিনিয়োগ বেড়েছে, রাজস্ব বেড়েছে। তাই সরকারের বাজেটের আকারও বাড়ছে,” বলেন মুহিত।
ওই সময় অন্যান্যের মধ্যে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
