লক্ষ্মীপুরে বাসচাপায় নারী পথচারী নিহত
লক্ষ্মীপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ায় এক পথচারী নারী নিহত হয়েছেন, আহত হন অন্তত আটজন।
সোমবার বিকালে জেলা শহরের কারাগার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম জানা যায়নি। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার এসআই নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ৩টার দিকে চৌমুহনী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়।
এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ওই পথচারী নারী ঘটনাস্থলেই মারা যান।
