বন্দর খেয়াঘাটে নৌদুর্ঘটনায় ১০ যাত্রী আহত
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ভেঙ্গে ১০ যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনায় দুই নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ১১টার দিকে শহরের ১ নম্বর কেন্দ্রীয় খেয়াঘাটে ২০-২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা বন্দরপাড়ে যাওয়ার সময় বালুবাহী একটি ট্রলার তাকে ধাক্কা দিলে নৌকাটি ভেঙ্গে যায়।
এ ঘটনায় দুই নারীসহ ৮-১০ জন আহত হন বলে জানিয়েছে পুলিশ।
খেয়াঘাটের মাঝি সমিতির সাধারণ সম্পাদক কাজী জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বালুবাহী ট্রলারের সঙ্গে নৌকার সংঘর্ষের খবর শুনেছি।
ঘটনার জন্য দায়ী বালুবাহী ট্রলারমালিকের সঙ্গে আলোচনা করে নৌকা ভাঙ্গার ক্ষতিপূরণ আদায় করা হবে বলে জানান ওই সাধারণ সম্পাদক।
