বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, বৃদ্ধের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে এক বৃদ্ধ নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন এক নারী।
নিহত মোহাম্মদ আলী মণ্ডল (৬০) জামালপুর জেলার সাবেদ আলীর ছেলে।
নিখোঁজ বেবী আক্তারের (৩৫) বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলায়।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সোমবার বিকাল সোয়া ৩টার দিকে ১৫-১৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ফতুল্লা লঞ্চঘাট থেকে নদীর ওপারে কেরানীগঞ্জের কাওটাইল যাচ্ছিল।
“ঢাকাগামী খিজির-২ নামের একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়।
“মোহাম্মদ আলীকে অন্যরা ধরাধরি করে তীরে ওঠালেও হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।”
মোহাম্মদ আলী তার ভাতিজাকে নিয়ে কেরানীগঞ্জের কাওটাইল ব্রাহ্মণগাঁও এলাকায় নাতি জুনায়েদের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন বলে জানান ওসি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, নিখোঁজ বেবী আক্তার নাগবাড়ি এলাকায় ডায়াবেটিক হাসপাতালে ডাক্তার দেখিয়ে কেরানীগঞ্জ ফিরছিলেন।
তার খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান ওসি।
এদিকে বাল্কহেড খিজির-২ ও এর দুই নাবিককে আটক করে এলাকাবাসী পুলিশে দিয়েছে বলে জানিয়েছেন ওসি আসাদুজ্জামান।
