২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের প্রাণচঞ্চল কান্তজিউ মন্দির

বোমা হামলার পর মাঝখানে একটি বন্ধ থেকে দিনাজপুরের কান্তজিউ মন্দিরের মেলা প্রাঙ্গণ আবার প্রাণচঞ্চল হয়ে উঠেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:29 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

পুরনো খবর:

দিনাজপুরের কান্তজিউর মন্দিরে হাতবোমা হামলা, আহত ৯
মেলায় বিস্ফোরণের ঘটনায় কাহারোল থানার ওসি প্রত্যাহার

রোববার দুপুরে সরজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তের পদচারণায় মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে।

নানা ধরনের খেলনা, চুড়ি-ফিতা, মণ্ডা-মিঠাই প্রভৃতির দোকানে কেনাবেচা চলছে। মন্দিরে ভিড় করছেন ভক্তরা।

মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাব মোতায়েন করা হয়েছে।

গত শুক্রবার মধ্যরাতে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলার যাত্রা প্যান্ডেলে দুর্বৃত্তদের বোমা হামলায় অন্তত নয়জন আহত হয়। এরপর মেলার সব আয়োজন স্থগিত করা হয়।

রাজ দেবোত্তর স্টেটের নির্বাহী সদস্য প্রেমনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের মৌখিক নির্দেশে শনিবার মেলাসহ বিনোদনের সবকিছু বন্ধ রাখা হয়। রোববার মেলা ফের চালু করা হয়েছে।

তবে যাত্রা, সার্কাসসহ বিনোদনের কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান তিনি।

মেলায় আসা ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আফরোজা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় আসার পর উৎসবের পরিবেশ দেখে মনেই হচ্ছে না এখানে দুই দিন আগে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল।”

ভারতের উত্তর প্রদেশ থেকে আসা ওম কুমার আগরওয়াল বলেন, “শনিবার রাতে দিনাজপুরে আসি। মেলায় আসার আগে একটু আতংকেই ছিলাম। কিন্তু আসার পর উৎসবের আমেজ অন্যদের মতো আমিও অনুভব করছি।”

অপরদিকে মন্দিরসহ পুরো মেলা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা অবস্থান করছেন।

বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেলার নিরাপত্তায় পোশাকধারী র‌্যাব-পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নজর রাখছেন।

২৫ নভেম্বর শুরু হওয়া মেলাটি চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।