২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলায় বিস্ফোরণের ঘটনায় কাহারোল থানার ওসি প্রত্যাহার

দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলার যাত্রা প্যান্ডেলে বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কাহারোল থানার ওসি আব্দুল মজিদকে প্রত্যাহার করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 08:40 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

কর্তব্যে অবহেলার অভিযোগে শনিবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে

দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

শনিবার প্রথম প্রহরে মেলায় ‘ভোলানাথ অপেরা যাত্রাপালা’র প্যান্ডেলে এ বিস্ফোরণের সময় ওসি মজিদসহ ২০ জন পুলিশ মেলা প্রাঙ্গণে ছিলেন।

ঘটনার পর পর তিনি জানিয়েছিলেন, প্যান্ডেলে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। পরে আবার রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে বিস্ফোরণের ঘটনায় মেলার ইজারাদার হারেস আলী বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাহারোল থানায় একটি মামলা করেছেন। মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে মন্দিরের বাইরে ‘ভোলানাথ অপেরা যাত্রাপালা’র প্যান্ডেলে বিস্ফোরণে আহত নয়জনের মধ্যে ছয়জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পর মেলা স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।