২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা, লুটপাট

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 02:48 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

সদর থানার ওসি মাযহারুল ইসলাম জানান, রোববার রাতে পৌর এলাকার সাতনৈল মহল্লায় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মিলনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পৌর আওয়ামী লীগের সদস্য মিলন (৪৫) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৮) হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্বাচন ঘিরে শত্রুতা থেকে এই হামলা হয়েছে, নাকি তা ডাকাতদের কাজ- সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

মিলনের ভাই আব্দুল্লাহ আল মুতী শিশির জানান, রাত ২টার দিকে ১০/১২ জন মুখোশধারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে এসে মূল ফটকের তালা ভেঙে বাড়িতে ঢোকে।

“তারা  বাড়ির লোকজনের হাত-পা বেঁধে আলমারি ভেঙে ৩০ ভরি সোনার গয়না এবং ৬৫ হাজার টাকা নিয়ে যায়।”

এ সময় মিলন বাধা দিতে গেলে তাকে ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানান শিশির।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “মিলন স্থানীয় আওয়ামী লীগের সমর্থনে পৌর কাউন্সিলর প্রার্থী হওয়ায় এ হামলা হয়ে থাকতে পারে।”

তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি জানিয়ে ওসি মাযহারুল বলেন, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।