২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুদাম ভাড়া কম বেনাপোলে পণ্যজটের কারণ’

বাইরের চেয়ে গুদাম ভাড়া কম হওয়াসহ বিভিন্ন কারণে বেনাপোল স্থল বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 06:41 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

এ বন্দরের গুদামের ধারণক্ষমতা ৪০ হাজার টন। তবে গুদামের ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ পরিমাণ পণ্য প্রতিদিন এখানে ওঠানামা করে। এতে সৃষ্টি হয়েছে পণ্যজট। ফলে খোলা মাঠেও পণ্য রাখতে দেখা যায়।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ‘বাইরের গোডাউন ভাড়ার চাইতে বন্দরের ভাড়া তুলনামূলক অনেক কম হওয়ায় অনেক আমদানিকারক বন্দরের শেডকে নিরাপদ গোডাউন হিসাবে ব্যবহার করে থাকে।

‘বাজারে আমদানিকৃত মালামালের চাহিদা বুঝে বন্দর থেকে তারা মালামাল খালাস নিয়ে সরাসরি ক্রেতার ঠিকানায় পাঠিয়ে থাকে।’

আমদানিকৃত পণ্য ৩০ দিনের মধ্যে না নিলে তা নিলাম করার ক্ষমতা শুল্কভবন কর্তৃপক্ষের রয়েছে। তবু বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা পণ্যর নিলাম না হওয়ার কারণ তিনি জানেন না।

৩১ অক্টোবরের হিসাবে বন্দরে প্রায় ২৬ হাজার মেট্রিক টন নিলামযোগ্য পণ্য পড়া ছিল।

তবে পণ্য পড়ে থাকার নানান কারণ দাবি করেছেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের উর্ধ্বতন সহ-সভাপতি নুরুজ্জামান।

বন্দর থেকে চুরি হওয়া পণ্যের ক্ষতিপূরণ না পাওয়ার কারণে অনেক আমদানিকারক মাল খালাসের আগ্রহ হারিয়ে ফেলেন বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় পণ্যর মান নষ্ট হওয়া, ঘোষণার চেয়ে মালামাল কম, শুল্ক বিভাগের সিদ্ধান্তহীনতাসহ ভারতে ডলার পাচারে জড়িত এক শ্রেণির অসাধু আমদানিকারক মিথ্যা ঘোষণায় নিম্মমানের মালামাল এনে বন্দর শেডে অহেতুক বছরের পর বছর ফেলে রাখে।”

আমদানিকৃত অনেক মালের রাসায়নিক পরীক্ষা, শুল্কমূল্য নির্ধারণে আইনগত জটিলতার কারণে বন্দর থেকে পণ্য খালাস বিলম্বিত হয়ে থাকে স্বীকার করলেও নির্ধারিত সময়ের মধ্যে নিলাম করায় শুল্কভবন কর্তৃপক্ষের গড়িমশির অভিযোগ মানতে নারাজ বেনাপোল শুল্কভবনের অতিরিক্ত কমিশনার ফিরোজ উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,“যথাযথ আইন মেনেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা নিলামের ব্যবস্থা করে থাকি।

তার দাবি প্রয়োজনীয় ক্রেতা ও যথাযথ নিলাম মূল্য না পাওয়ায় এবং আইনগত কিছু জটিলতার কারণে আমদানিকৃত মালামালের অনেকটাই নিলামে বিক্রি করা সম্ভব হয় না।