কুড়িগ্রামে ‘ডাকাতের’ গুলিতে আহত ৩
কুড়িগ্রামের চিলমারীতে ‘ডাকাতের’ গুলিতে তিনজন আহত হয়েছেন।
ঢুশমারা জল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, শনিবার রাতে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের মাঝবাড়ী চরে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত খলিলুর রহমান (৪০), আক্কু মিয়া (২৫) ও দেলোয়ার হোসেনকে (৩২) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি শটগানের গুলির খোসা উদ্ধার করেছে বলে জানান ওসি মোহাম্মদ রাজু।
অষ্টমীরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য গোলাম মোস্তফা জানান, শনিবার রাতে নৌকায় একদল ‘ডাকাত’ এসে গ্রামের বাড়ি-ঘরে হামলা চালায়।
“ওই সময় স্থানীয়রা বাধা দিলে ডাকাতরা তাদের লক্ষ্য করে ১০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন।”
রোববার সকালে ডাকাতির কাজে ব্যবহৃত নৌকাটি গাইবান্ধার ফেরীমারা এলাকায় পাওয়া গেছে বলে জানান গোলাম মোস্তফা।
