২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশি চ্যানেল ভারতে দেখানোর দাবি জানানো উচিত’

পশ্চিমবঙ্গের লেখক পবিত্র সরকার বলেছেন, বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলো ভারতের সম্প্রচারের দাবি জানানো উচিত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 10:01 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

আর এ জন্য সরকারকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য।

শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশের টিভি সিরিয়ালের মান অনেক ভাল। তবে ভারতের মানুষ বাংলাদেশের সিরিয়াল দেখতে পায় না। অথচ ভারতের সিরিয়ালগুলো বাংলাদেশের মানুষ দেখছে।

“তাই বাংলাদেশের চ্যানেলগুলো ভারতের সম্প্রচারের দাবি জানানো উচিত এ দেশের সরকারের পক্ষ থেকে।”

এ সময় ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বিভিন্ন দিক নিয়ে আলোচনাও করেন তিনি।

দুই বাংলার সম্পর্ক বিষয়ে তিনি বলেন, রবীন্দ্র-নজরুল-জীবনানন্দের পথ ধরে আমাদের ঐতিহ্য একই। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক বিভাজন হলেও দুই প্রান্তের বাঙালিরা একই উত্তরাধিকার বহন করে।

“আমরা আত্মিকভাবে এক।”

পশ্চিমবঙ্গে বাংলাদেশের লেখকদের বইয়ের চাহিদা থাকলেও তা সহজে পাওয়া যায় না উল্লেখ করে পবিত্র সরকার বলেন, রাজনৈতিক বেড়াজাল তো থাকবেই। তবুও দুদেশের সাংস্কৃতিক, সাহিত্যিক ও চিন্তাগত আদান-প্রদান সহজ করতে দুপক্ষেরই উদ্যোগী হতে হবে।”