বোয়ালমারীতে বাদ পড়লেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিটন মৃধার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার দুপুরে বোয়ালমালারীর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মু. খায়রুজ্জামান তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।
নির্বাচন কর্মকর্তা বলেন, “স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জমান মৃধা লিটনের দাখিল করা কাগজপত্রে ত্রুটি থাকায় তা বাতিল ঘোষণা করা হয়েছে।”
লিটন মৃধা বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। দল থেকে নির্বাচনের টিকেট না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
লিটন মৃধা বলেন, “স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি ১০৩ জন ভোটারের স্বাক্ষর ও নাম তালিকা দিয়েছিলাম। সেখানে একজনের ক্রমিক নম্বর ঠিক না থাকায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”
এ বিষয়ে সোমবার তিনি জেলা রির্টানিং কর্মকর্তার কাছে আপিল করবেন বলেও জানান।
বোয়ালমারী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের শাহজাহান মিরদাহ পিকুল, বিএনপির আব্দুল শুকুর শেখসহ ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
