সোনাইমুড়ীতে তিন সহোদর হত্যা মামলায় গ্রেপ্তার ৪
নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন ভাইকে হত্যা মামলার পলাতক চার আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দুপুরে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্প অধিনায়ক এএসপি আলেফ উদ্দিন একথা জানান।
গ্রেপ্তাররা হলেন মৃত আব্দুল ক্বারীর ছেলে আব্দুল খালেক (৬০), মীর হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৬), আবুল খায়েরের ছেলে মো. তৌহিদুল ইসলাম (২৫) এবং মৃত কাজী মজিবর রহমানের ছেলে হাজী হারুন-অর রশিদ (৫৪)।
এরা সবাই সোনাইমুড়ি উপজেলার বসিন্দা বলে জানান এই র্যাব কর্মকর্তা।
মামলার বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জানান, এ বছর ১৯ জুলাই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় প্রীতি ফুটবল খেলা চলার সময় দুই পক্ষের সংঘর্ষ বাধে। এর জেরে কাজীনগর গ্রামের মোখছেদ উল্যাহর ছেলে কামাল (৩৬), হারুন (৩২) ও বাবলুকে (২৭) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
ঘটনার পরদিন নিহতদের ভাই মোরশেদ আলম ১৯ জনকে আমামি করে হত্যা মামলা করেন বলে জানান র্যাব কর্মকর্তা আলেফ উদ্দিন।
