২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ৪ জেলায় আ. লীগ-বিএনপির প্রার্থী মনোনয়ন

ঢাকা বিভাগের চার জেলার বিভিন্ন পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজ ডেক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 12:05 PM

Updated : 12 Oct 2022, 04:37 PM

পুরনো খবর:

শরীয়তপুরে আ. লীগ-বিএনপির মনোনয়ন চূড়ান্ত
ফরিদপুরের দুই পৌরসভায় আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

দলের স্থানীয় নেতারা বুধবার বিষয়টি নিশ্চিত করেন।

সাভার

ঢাকার সাভার পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের পৌর সভাপতি আব্দুল গণি।

বিএনপির মনোনয়ন পান পৌর সভাপতি বর্তমান মেয়র মো. রেফাত উল্লাহ।

জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন এম এ আজিজুর রহমান আজিজ।

Image
সাভারে বিএনপির মনোনীত প্রার্থী রেফাত উল্লাহ ও আওয়ামী লীগের আব্দুল গণি

সাভারে বিএনপির মনোনীত প্রার্থী রেফাত উল্লাহ ও আওয়ামী লীগের আব্দুল গণি

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আলী হায়দার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিজ নিজ দলের মনোনীতদের নাম নিশ্চিত হওয়ার কথা জানান।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বসের ঘটনায় দুটি মামলায় রেফাত উল্লাহ এখন জেলহাজতে আছেন। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নিজের মনোনয়ন পাওয়ার কথা জানিয়েছেন সাভার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম এ আজিজুর রহমান আজিজ।

গাজীপুর

গাজীপুরের শ্রীপুর পৌরসভায়  আওয়ামী লীগ, বিএনপি, জাসদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী  মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

জাতীয় পার্টি থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না বলে দলের জেলা সভাপতি জানিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান বলেন, মঙ্গলবার মধ্যরাতে দলের হাইকমান্ড বর্তমান মেয়র আনিছুর রহমানকেই প্রার্থী চূড়ান্ত করেছে।

তাকে দলীয় প্রার্থী হওয়ার জন্য প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইয়েদুল আালম বাবুল জানান, দলের পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ শহীদকে তাদের দল মনোনয়ন দিয়েছে।

জাতীয় পার্টির জেলা সভাপতি মো. নুরুল ইসলাম জানান, “আমাদের শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আফতাব উদ্দিন শারীরিকভাবে অসুস্থতার কারণে মেয়র পদে প্রার্থী হবেন না জানিয়েছেন। তাই এ নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি থেকে কেউ প্রার্থী হচ্ছেন না।”

গোপালগঞ্জ

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভায় দলের প্রার্থী মনোয়নের বিষয় নিশ্চিত করেছেন।

Image
টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগের শেখ আহম্মেদ হোসেন মীর্জা ও গোপালগঞ্জে কাজী লিয়াকত আলী

টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগের শেখ আহম্মেদ হোসেন মীর্জা ও গোপালগঞ্জে কাজী লিয়াকত আলী

এরা হলেন গোপালগঞ্জ পৌরসভায় সদর উপজেলা সভাপতি কাজী লিয়াকত আলী লেকু এবং টুঙ্গিপাড়ায় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় সভাপতি শেখ আহম্মেদ হোসেন মীর্জা।

তবে বিএনপির কোনো প্রার্থী মনোনয়নের খবর পাওয়া যায়নি।

টাঙ্গাইল

টাঙ্গাইলে আটটি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

দলের সংসদ সদস্য আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল পৌরসভায় জামিলুর রহমান মিরন, ধনবাড়ীতে বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরল ইসলাম তপন, মধুপুরে মাসুদ পারভেজ, গোপালপুরে রকিবুল হক ছানা, ভূঞাপুরে বর্তমান মেয়র মাসুদুল হক মাসুদ, কালিহাতীতে বর্তমান মেয়র আনছার আলী, মির্জাপুরে সাহাদৎ হোসেন সুমন ও সখীপুরে বর্তমান মেয়র আবু হানিফ আজাদ।

তবে বিএনপির কোনো প্রার্থী মনোনয়নের খবর নিশ্চিত করতে পারেননি দলের স্থানীয় নেতারা।