যুদ্ধাপরাধীর আইনজীবীর ভাইকে আ.লীগের প্রার্থী করায় বিক্ষোভ
যুদ্ধাপরাধীদের এক আইনজীবীর ভাইকে পৌর নির্বাচনে প্রার্থী করায় চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের একাংশ।
মঙ্গলবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে জীবননগর পৌর আওয়ামী লীগের কয়েক’শ নেতাকর্মী এ বিক্ষোভ-সমাবেশ শেষে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।
চুয়াডাঙ্গা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুন্সী নাসির উদ্দিনের নাম আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে কেন্দ্রে পাঠানো হয়েছে।
জীবননগর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল জানান, মুন্সী নাসির উদ্দিন ব্যারিস্টার মুন্সী আহসান কবীরের ভাই।
ব্যারিস্টার মুন্সী আহসান কবীর যুদ্ধাপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত আসামিদের আইনজীবী ছিলেন।
এর প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান। সমাবেশে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র পদপ্রত্যাশী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেয়র পদপ্রত্যাশী আব্দুস সালাম ঈশা প্রমুখ।
বক্তরা যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বনকারী আইনজীবীর ভাই নাসির উদ্দিনকে জীবননগর পৌরসভা নির্বাচনে প্রার্থী করা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুমকি দেন।
গত নির্বাচনে ২৬ ভোটে হেরে যাওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে আহ্বানও জানান তারা।
