পোশাককর্মীকে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে পোশাক কারখানার এক নারী শ্রমিককে তুলে নিয়ে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর দেওভোগ এলাকার ত্রিনাথ সরকারের ছেলে সুমন সরকার (৩৯) ও উকিলপাড়া এলাকার অনিল চন্দ্র পালের ছেলে হারাধন চন্দ্র পাল (৩৭)।
একইসঙ্গে আদালত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে বলে জানান ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাকিব উদ্দিন রাকিব।
মামলার নথির বরাত দিয়ে তিনি আরও জানান, ২০০২ সালের ২৯ অক্টোবর রাত ১টায় শহরের চাষাঢ়া এলাকার কেসি অ্যাপারেলসের ওই নারী শ্রমিক বাড়ি ফেরার পথে সুমন ও হারাধন ধরে দেওভোগের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
