দুর্ঘটনায় নিহত নারীর লাশ তিন দিন ধরে মর্গে
সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক নারীর (২৫) লাশ ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে তিন দিন ধরে পড়ে রয়েছে।
সোমবার ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা জানান, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ওই নারীর লাশ দুপুরে ময়নাতদন্ত করা হয়েছে।
গত ২৭ নভেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত ওই নারীর পরনে নীল জামা ও লাল পায়জামা ছিল। লাশের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে জানান তিনি।
হাসপাতালের এক কর্মকর্তা জানান, গত শুক্রবার ভোরে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনীর পাঁচগাছিয়ায় গাড়ি চাপায় এক নারী গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে যায়।
স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে বলে অবগত রয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
