২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এলাকাবাসীর উদ্যোগে মাদক ছাড়লেন চার যুবক

এলাকাবাসীর উদ্যোগে দীর্ঘদিনের মাদক বেচাকেনা ও সেবন বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন কুড়িগ্রামের চার যুবক।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2015, 11:32 AM

Updated : 12 Oct 2022, 04:34 PM

আঠারো বছর ধরে মাদক বিক্রি করতেন কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী গ্রামের আব্দুল জলিল, আলম মিয়া, আনিছুর রহমান ও নুর ইসলাম।

পরিবারের অনুরোধ না শুনলেও স্থানীয় চার তরুণের উদ্যোগে এলাকাবাসীর সহায়তায় তারা এখন মাদকের সংশ্রব ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।   

এলাকাবাসীর দেওয়া চাঁদায় সবজির ব্যবসা করছেন জলিল আর পিঠার দোকান করছেন আলম মিয়া।  নুর ও আনিছুরকে কোনো ক্ষুদ্র ব্যবসায়ে যুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে স্থানীয়রা জানান।

সরেজমিন কাঁঠালবাড়ী বাজারে গিয়ে সবজির দোকানে দেখা মিলল জলিলের। আলু, বেগুন, মুলা, রসুন, পেঁয়াজসহ নানা সবজি নিয়ে বসে আছেন দোকানে। পাশেই আলমের পিঠার দোকান।

জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেড় যুগ আগে ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় বিয়ের সুবাদে জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়। মূলত গাঁজার পাইকারি চালান এনে চালান করতেন দেশের বিভিন্ন প্রান্তে। এলাকার অনেকেই একাজ করতে নিষেধ করলেও তিনি শোনেননি।

পরে এলাকাবাসীর প্রচার-প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে দেড়মাস আগে তিনি মাদক ছাড়ার সিদ্ধান্ত নেন। এলাকাবাসীর চাঁদায় এখন সবজির দোকান করছেন তিনি।

তিনি বলেন, “খুব কষ্ট হচ্ছে। আগের মতো স্বচ্ছলতা নেই। সপ্তাহে দুই এনজিওর সাড়ে ছয় হাজার টাকা কিস্তি দিতে সমস্যা হচ্ছে। আরও কিছু পুঁজি হলে এই সমস্যা থাকবে না।”

সমস্যা যতই হোক আর মাদক ব্যবসা করবেন না বলে জানান জলিল।

আলম জানান, তার মা, স্ত্রী ও সন্তানসহ ছয় জনের সংসার চলত ফেনসিডিল বিক্রি করে। কয়েক দফায় জেলও খেটেছেন। কিন্তু অন্য কাজ করতে না পারায় ছাড়তে পারেননি মাদক বেচাকেনার কাজ।  

“এখন গ্রামবাসীই আমাকে সুপথে এনেছে। পিঠা বিক্রি করে এখন দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা আয় হয়। তা দিয়েই কোনোমতে চলছে সংসার।”

তবে শীত কেটে গেলে ভাপা পিঠার ব্যবসায় ভাটা পড়বে। তখন নতুন সমস্যায় পড়ার আশংকা করছেন। তাই এখন একটি চায়ের দোকান দেওয়ার কথা ভাবছেন আলম মিয়া।

অপর দুইজন নুর ইসলাম ও আনিছুর রহমানকে পর্যায়ক্রমে ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান কাঁঠালবাড়ী ইউপি সদস্য আবু তাহের ও আতাউর রহমান।

কাঁঠালবাড়ী ইউপি সদস্য আবু তাহের জানান, স্থানীয় তরুণ আরিফ, আতা, সুমন, ইমন, শাহজাহান ও রবিউল এই উদ্যোগের পেছনে মূল ভূমিকা পালন করেছেন। তারা কেউ স্কুলে ও কেউ কলেজে পড়েন। দীর্ঘদিন ধরে  নিজের এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার দেখে এর বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তারাই এলাকাবাসীকে প্রথমে উদ্বুদ্ধ করেন।

মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। ‘মাদকমুক্ত এলাকা’ এলাকা ঘোষণা করে গ্রামে মাদকবিরোধী ব্যানার টানানো হয় বলে জানান তিনি।

মাদকবিরোধী কমিটির আহবায়ক কুড়িগ্রামের ভিশন পলিটেকনিকের ছাত্র আরিফুল ইসলাম জানান, কাঁঠালবাড়ী বাজার থেকে ফুলবাড়ী সীমান্ত থেকে ধরলা নদী পাড় হয়ে মাদকের চালান আসত এখানে। কাউয়াহাগা সড়কের আমেরতল এলাকা দীর্ঘদিন থেকে ছিল মাদকের আখড়া হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে এসে মাদক সেবন চলত।

তাই নিজের এলাকাকে বাঁচাতে প্রথমে স্কুল-কলেজের ছাত্রদের একতাবদ্ধ করেন তারা। এরপর এলাকাবাসীকে জানালে তারাও সাড়া দেন। এলাকাবাসীর সঙ্গে কয়েকদফা সভা করে চার মাদক বিক্রেতাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয় বলে জানান তিনি।