২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাদারের নিরাপত্তা চেয়ে মানিকগঞ্জে চার্চের জিডি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় উথলী এলাকার ক্যাথলিক চার্চের এক ফাদারের জন্য নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2015, 11:08 PM

Updated : 25 Apr 2022, 02:12 PM

শিবালয় থানার ওসি রকিবুজ্জামান জানান, শনিবার সকাল ৮টার দিকে তিনটি মোটরসাইকেলে করে অজ্ঞাত ছয় ব্যক্তি চার্চের গেটে গিয়ে ফাদার ডোমিনিক রোজারিওর খোঁজ জানতে চায়।

গীর্জার এক তত্ত্বাবধায়কের কাছে তিনি সেখানে নেই জানার পর মোটরসাইকেল চালিয়ে ওই ছয় ব্যক্তি চলে যায়। বিষয়টি জানার পর দুপুরে নিরাপত্তার জন্য গীর্জার পক্ষ থেকে থানায় জিডি করা হয় বলে ওসি জানান।

ফাদার ডোমিনিক রোজারিও জানান, তিনটি মোটরসাইকেলে করে কালো কাপড়ে মুখ ঢেকে ছয় ব্যক্তি তার খোঁজ নেয়। এ সময় তিনি সেখানে ছিলেন না। ওই ব্যক্তিদের মাথায় হেলমেটও ছিল না।

এ ঘটনার পর থেকে তিনি কিছুটা শঙ্কিত বলে জানান।

এ ব্যাপারে শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন,‘ ফাদারের নিরাপত্তার জন্য চার্চের সামনের সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে।’

বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পুরনো খবর:

দিনাজপুরে এবার চার্চের ফাদারকে হত্যার হুমকি
রংপুরে ১০ খ্রিস্টান যাজককে হত্যার হুমকি
বগুড়ায় শিয়া মসজিদে নামাজে গুলি, মুয়াজ্জিন নিহত