চাঁদপুরে মেয়র পদের পত্র নিলেন ৭ জন
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাঁদপুরের পাঁচ পৌরসভায় সাতজন পত্র তুলেছেন।
শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, শনিবার বিকেল পর্যন্ত পাঁচটি পৌরসভায় মেয়র পদে সাতজন পত্র নিয়েছেন।
তবে তিনি তাদের নাম জানাননি।
ফরিদগঞ্জ, ছেংগারচর, মতলব, কচুয়া, হাজীগঞ্জ পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা রয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু জানান, শুক্রবার রাতে কেন্দ্র থেকে তাদের কাছে প্রার্থী বাছাইয়ের নির্দেশে এসেছে।
তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী প্রার্থী তালিকা প্রস্তুত করে দ্রুত কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, “জেলা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সম্পাদক, স্থানীয় সাংসদদের পরামর্শ নিয়ে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
মনোনীত প্রার্থীর নাম ৩০ নভেম্বরের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে, বলেন তিনি।
দলীয় মনোনয়ন চূড়ান্ত না হলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ছেংগারচর পৌরসভায় সম্ভাব্য প্রার্থী যারা
আওয়ামী লীগ থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান মেয়র রফিকুল আলম জজ, প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, পৌর যুবলীগের সম্পাদক জাকির খান, উপজেলা কৃষক লীগ সভাপতি মোখলেছুর রহমান, প্রয়াত মেয়র বিল্লাল হোসেন সরকারের স্ত্রী কুলসুম বেগম।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন সাবেক মেয়র আমেনা বেগম, পৌর বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন খান, পৌর যুবদল সভাপতি উজ্জ্বল ফরাজী।
বর্তমান মেয়র রফিকুল আলম জজ বলেন, “দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করে যাব।
“পৌর এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার চেষ্টা করেছি। পুনরায় নির্বাচিত হলে যেসব কাজ বাকি রয়েছে তা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করব।”
সাবেক মেয়র আমেনা বেগম বলেন, “মেয়র থাকাকালীন পৌরবাসীর উন্নয়নে কাজ করেছি। দলীয় সমর্থন পেলে নির্বাচনে অংশগ্রহণ করব।”
এ পৌরবাসী মো. হারুন ও মো. মনির বলেন, “আমরা অনেক নাগরিক সুযোগ-সুবিধা বঞ্চিত। দীর্ঘদিনেও ড্রেনেজ ব্যবস্থা নির্মিত হয়নি। বেহাল রাস্তা-ঘাটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
যারা দীর্ঘদিন ধরে জনগণের পাশে রয়েছে এবং বিপদ-আপদে এগিয়ে এসেছিলেন তাদেরকেই ভোট দেবেন বলে জানান এলাকাবাসী কামাল হোসেন।
১৯৯৮ সালের ৫ এপ্রিল এই পৌরসভা গঠিত হয়। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এর জনসংখ্যা ৩৬ হাজার ৬৯১।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ‘খ’ শ্রেণির ছেংগারচর পৌরসভার মোট ভোটার ২৫ হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৯ জন ও মহিলা ভোটার ১২ হাজার ৯১১ জন।
ব্যানার-বিলবোর্ড-পোস্টার উচ্ছেদ
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণার রঙিন ফেস্টুন, ব্যানার, বিলবোর্ড ও পোস্টার উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন অফিস।
শুক্রবার থেকে চাঁদপুরের ছেংগারচর, মতলব, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও কচুয়া পৌর এলাকায় এ অভিযান শুরু হয়েছে।
