নাটোরে ২ যুবলীগ নেতাকর্মী গুলিবিদ্ধ
নাটোর শহরে যুবলীগের দুই নেতাকর্মী গুলিতে আহত হয়েছেন।
পূর্ব বিরোধের জেরে সংগঠনে প্রতিপক্ষের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে আহতরা অভিযোগ করেছেন।
শুক্রবার দুপুরে মল্লিকহাটি এলাকায় এ হামলা হয় বলে জানান সদর থানার ওসি মিজানুর রহমান।
আহত পৌর যুবলীগের সদস্য সাব্বির হোসেন (২৫) ও যুবলীগকর্মী সোহাগ আলীকে (২০) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বরাত দিয়ে ওসি মিজানুর রহমান জানান, দুপুর ২টার দিকে সাব্বির ও সোহাগ মোটরসাইকেলে করে তেবাড়িয়া থেকে মল্লিকহাটি হয়ে কানাইখালির দিকে বাড়িতে ফিরছিলেন।
“মল্লিকহাটি পৌঁছলে যুবলীগকর্মী সেন্টুসহ চারজন তাদের লক্ষ্য করে গুলি চালালে সাব্বির ও সোহাগ আহত হন।”
স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।
ওসি জানান, মাদক বেচা-কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাব্বির ও সেন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে নাটোর সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় এখনও অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব শত্রুতার জেরে সেন্টু ও তার সহযোগীরা আমাদের উপর গুলি চালায়।”
ঘটনার পর থেকে সেন্টু পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুজাহিদ হোসেন বলেন, “সোহাগের বাম পায়ে এবং সাব্বিরের ডান হাতে গুলি লেগেছে।”
