ফেনীতে ‘বাদল বাহিনীর প্রধান’ অস্ত্রসহ আটক
ফেনীর ছাগলনাইয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি মামলার এক আসামিকে অস্ত্রসহ ও গুলিসহ আটক করেছে র্যাব।
আটক মো. মহিউদ্দিন বাদল (৫০) উপজেলার দুর্গাপুর গ্রামের মো. মজিবুল হকের ছেলে। তিনি স্থানীয় সন্ত্রাসী দল ‘বাদল বাহিনীর’ প্রধান বলে র্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেন জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুরে অভিযান চালিয়ে বাড়ি থেকে বাদলকে গ্রেপ্তার করা হয়।
“তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।”
এই র্যাব কর্মকর্তা জানান, বাদলের বিরুদ্ধে অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ছাগলনাইয়া থানায় মামলা রয়েছে।
“এর আগেও তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি সে জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে।”
আটকের পর বাদলের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করে তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে মেজর মোজাম্মেল জানান।
বাদলের বাবা মজিবুল হক এক সময় ইউনিয়ন পরিষদের ‘মেম্বার’ ছিলেন। বাদল নিজেও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর তথ্য।
