আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নন্দলাল পার্শী
আসন্ন পৌরসভা নির্বাচনে জয়পুরহাটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হতে পারেন নন্দলাল পার্শী। অন্যরা দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
সরাসরি কথা বলার সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের ইচ্ছার কথা জানান।
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নন্দলাল পার্শী গত পৌরসভা নির্বাচনে পরাজিত হন। তার পর থেকে তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে ভোটারদের মন পাওয়ার চেষ্টা করছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।”
তবে অন্য অনেক প্রার্থী দলীয় মনোনয়ন আশা করলেও, দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থায় এবারই প্রথম দলীয়ভাবে নির্বাচন হচ্ছে। এতে দলের শৃঙ্খলা ফিরে আসবে এবং নেতাদের সঙ্গে কর্মীদের সুসম্পর্ক তৈরি হবে।”
এই সম্পর্ক তিনি নষ্ট করতে চান না।
“আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। তবে আমি মনোনয়ন না পেলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করব।”
একই কথা বলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খাজা শামছুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ান মোস্তাকুল ইসলাম মোস্তাক প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলার পৌরনির্বাচন মনোনয়ন কমিটির সদস্যসচিব গোলাম হাক্কানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলার তিনটি পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থীদের আবেদন জমা পড়েছে।
“কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।”
কেউ বিদ্রোহী প্রার্থী হলে কী হবে এ সম্পর্কে কথা বলেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বলেন, “পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়টি কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত হলে নাম ঘোষণা করা হবে।
“দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
