হামিদ হত্যাকারীদের ফাঁসি চান স্বজনরা
যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ডকে ঘিরে সাতক্ষীরায় নৈশ প্রহরী আব্দুল হামিদের হত্যাকারীদেরও ফাঁসি আশা করেন তার পরিবারের সদস্যরা।
২০১৩ সালের ১০ ডিসেম্বর ফাঁসি হওয়ার কথা থাকলেও ওইদিন হয়নি। কিন্ত ওই মৃত্যুদণ্ডকে ঘিরে সৃষ্ট তাণ্ডবের মধ্যে ওইরাতে গলাকেটে হত্যা করে মাধবকাটি বাজারের নৈশ প্রহরী হামিদকে।
জামাত-শিবিরের তাণ্ডবে সাতক্ষীরায় এক ডজনেরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হয়েছিলেন। তাদের একজন হলেন সাতক্ষীরা সদরের বলাডাঙ্গার আব্দুল হামিদ।
রোববার প্রথম প্রহরে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরে স্বস্তি প্রকাশ করেছেন এই পরিবারের সদস্যরা।
হামিদের স্ত্রী তসলিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামীকে ২০১৩ সালের ১০ ডিসেম্বর রাতে জামায়াত-শিবিরের ক্যাডাররা মাধবকাঠি বাজার থেকে ধরে নিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে চুপড়িয়া মাঠে ফেলে রেখে যায়।
এ ঘটনায় মাহবুবুর, এসারউদ্দিন, রমজান, সবুজ, সেলিম, বাপ্পি ও শফিকুলকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার আসামি ও আসামিদের লোকজন মাঝেমধ্যে তাদের হুমকিধামকি দেয় বলে অভিযোগ করেন তসলিমা।
হামিদের ছেলে মিলন হোসেন (১৬) ও চঞ্চল (৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের আশা সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের মতো তাদের বাবার খুনিরাও সর্বোচ্চ শাস্তি পাবে।
সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ২০১৩ সারের ১৩ ডিসেম্বর এ ঘটনায় মামলা হয়েছে।
২০১৪ সালের ১ অক্টোবর তদন্ত কর্মকর্তা এসআই বিধান কুমার বিশ্বাস সাতজনের নামে অভিযোগপত্র দেন বলে জানান ওসি।
তসলিমা খাতুন জানান, হামিদের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কক্ষের ঘরসহ আট লাখ টাকা সাহায্য দেন। এরমধ্যে চার লাখ টাকা নিয়ে হামিদের মা বসবাস করেন মেয়েদের সঙ্গে। বাকি চার লাখ টাকা দিয়ে হামিদের স্ত্রী জমি ক্রয় করে সেখানে বসবাস করছেন।
হামিদের ছেলে মিলন হোসেন রাজমিস্ত্রী জোগালির কাজ করেন এবং ছোট ছেলে চঞ্চল (৮) দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে।
