২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েন্দা বাজারের বাঁধ দ্রুত নির্মাণের দাবি

সিডরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার একটি হলো বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলা।

অলীপ ঘটক

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 11:06 AM

Updated : 22 Aug 2022, 02:01 PM

২০০৭ সালের ১৫ নভেম্বরের এই প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ভেসে যায় উপজেলার বহু ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। হাজার হাজার গাছপালা উপড়ে যায়। নষ্ট হয় রাস্তাঘাটসহ নানা অবকাঠামো।

এই উপজেলায় সরকারি হিসাবে অন্তত সাড়ে আটশ মানুষ প্রাণ হারায়।

সিডরের পর আট বছর গেলেও উপজেলা সদরের বলেশ্বর নদীর তীরের প্রধান বাণিজ্য কেন্দ্র রায়েন্দা বাজারকে বাঁধের আওতায় আনা হয়নি।

সিডরে জলোচ্ছ্বাসে এই বাজারের ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল।

সিডরের পর ২০০৯ সালের আইলার পানিতেও বাজারটি প্লাবিত হয়। এছাড়া অমাবশ্যা ও পূর্ণিমার জোয়ারেও কখনও কখনও বাজারে পানি ওঠে।

তাই এই বাজারের কয়েক হাজার ব্যবসায়ী বাজারটিকে বাঁধের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রায়েন্দা বাজারকে বাঁধের আওতায় আনতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে শিগগিরই কাজ শুরু হবে।

রায়েন্দা বাজারের উত্তর কদমতলা বাঁধের বাইরে বলেশ্বর নদের তীরে বসবাসকারী রহিমা বেগম ও আব্দুস সোবাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিডরে তাদের সব ভাসিয়ে নিয়ে গিয়েছিল। সেই আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠেছেন।

কিন্তু বাঁধের বাইরে তাদের বসবাস হওয়ায় দুর্যোগের পূর্বাভাস পেলেই আতংকে থাকতে হয় বলে জানান তারা।

সিডরের পরে সরকার বিভিন্ন সময়ে রায়েন্দা বাজারকে বাঁধের আওতায় আনতে জরিপ করলেও কাজ শুরু না করায় হতাশা ব্যক্ত করেন তারা।

বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার নাগ বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিডরের জলোচ্ছ্বাসে দোকানের তেল, লবণ, চিনি আটা-ময়দাসহ নানা যন্ত্রপাতি ভিজে নষ্ট হয়ে গেছে।

এরপর দুই বছর যেতে না যেতেই আইলার জলোচ্ছ্বাসে আবার বাজারটি তলিয়ে যায়।

বাজারটিকে বাঁধের আওতায় আনতে সরকারের কাছে বারবার দাবি জানালেও গত আট বছরে তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রায়েন্দা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “এই বাজারে ছোট-বড় অন্তত আড়াই হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দুর্যোগের পূর্বাভাস এলেই আমাদের দুশ্চিন্তার শেষ থাকে না। এই বুঝি পানিতে দোকান তলিয়ে যায়।”

বাজারটিকে বাঁধের আওতায় আনতে ব্যবসায়ীরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছেন। কিন্তু গত আট বছরেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন এই ব্যবসায়ী নেতা।

“বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাঁধটি নির্মাণের কথা গত তিন বছর ধরে শুনছি, কিন্তু এখনও তা দৃশ্যমান হয়নি। আদৌ বাঁধটি হবে কি না আমরা জানি না।”

স্থানীয় সাংবাদিক ইসমাঈল হোসেন লিটন বলেন, “রায়েন্দা বাজারকে বাঁধের আওতায় আনতে বার বার প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়িত না হওয়ায় আমরা একটি কমিটি করে আন্দোলন শুরু করি।”

খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-১ (সিইআইপি) প্রকল্পের কর্মকর্তা মো. আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়েন্দা বাজারকে বাঁধের আওতায় আনতে বিশ্ব ব্যাংক ‘সিইআইপি’ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের অধীনে ২০৩ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ হবে।

তিনি জানান, প্রায় ছয়শ ৯৬ কোটি টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণে দি ফাস্ট ইঞ্জিনিয়ারিং ব্যুরো অব হেনান ওয়াটার কনজারভেন্সি অব চায়না নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পেয়েছে। তারা শিগগিরই কাজ শুরু করবে।