২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ফরিদপুরে কবর হল বদর প্রধান মুজাহিদের

মৃত্যুদণ্ড কার্যকরের পর যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে তার গ্রামের বাড়ি ফরিদপুরে দাফন করা হয়েছে; যার নৃশংসতা থেকে একাত্তরে এলাকার মানুষও রেহাই পায়নি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 08:49 AM

Updated : 12 Oct 2022, 04:31 PM

পুরনো খবর:

অ্যাম্বুলেন্সে বাড়ির পথে দুই যুদ্ধাপরাধীর লাশ

রোববার সকাল ৭টা ২৫ মিনিটে ফরিদপুরের পশ্চিম খাবাসপুরের আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার সীমানার ভেতরে পারিবারিক জমিতে মুজাহিদকে দাফন করা হয়।

মুজাহিদের দল জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাই ওই মাদ্রাসা পরিচালনা করেন। সকাল পৌনে ৭টার দিকে ওই মাদ্রাসার মাঠে জানাজার সময় সংবাদকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়ে যাওয়ার পর রোববার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একাত্তরের বদর নেতা মুজাহিদ ও মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়।   

এর ঠিক দুই ঘণ্টা পর রাত ২টা ৫৫ মিনিটে তাদের মৃতদেহ নিয়ে ফরিদপুর আর চট্টগ্রামের পথে রওনা হয় অ্যাম্বুলেন্স।

মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্সটি কড়া নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে ৬টার দিকে পশ্চিম খাবাসপুরে পৌঁছায়। জানাজা পড়ান মুজাহিদের বড় ভাই ফরিদপুর পৌর জামায়াতের নায়েবে আমির আলী আফজাল মো. খালেছ। পরিবারের সদস্য ও স্থানীয় জামায়াত-শিবিরের শতাধিক কর্মী তাতে অংশ নেন।

জানাজা শেষে মাদ্রাসার মূল ফটকের ডান পাশে আগের রাতে খোড়া কবরে দাফন করা হয় মুজাহিদকে। ওই মাদ্রাসা থেকে ৪০০ গজ দূরেই মুজাহিদের বাড়ি।

ফরিদপুর জামায়াতের আমির আব্দুল তাওয়াফ জানান, স্বজন ও দলীয় নেতাকর্মীরা মিলেই মুজাহিদকে মাদ্রাসার সীমানায় দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবীসহ গণহত্যার ষড়যন্ত্র ও ইন্ধন দেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড হয় মুজাহিদের। আর ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা চালিয়ে হত্যা-নির্যাতনের দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।  

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের জন্ম ১৯৪৮ সালের ২ জানুয়ারি, এই খাবাসপুরে। ১৯৬৪ সালে মাধ্যমিক পাসের পর তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হন এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকাকালেই জামায়াতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘে যোগ দেন। ১৯৬৮ সালে তাকে সংগঠনের জেলা শাখার সভাপতির দায়িত্ব দেয়া হয়।

১৯৭১ সালে বাংলার মানুষের স্বাধীনতার সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে, সেই বছর জানুয়ারিতে ইসলামী ছাত্রসংঘের ঢাকা জেলা শাখার সভাপতি হন মুজাহিদ। মুক্তিযুদ্ধ শুরুর পর জুলাই মাসে সংগঠনের পূর্ব পাকিস্তান শাখার সেক্রেটারির এবং এরপর প্রাদেশিক সভাপতির দায়িত্ব পান।

মুক্তিযুদ্ধের বিরোধিতায় ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে আলবদর বাহিনী গঠিত হলে ১৯৭১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার নেতৃত্ব দেন ইসলামী ছাত্রসংঘের তখনকার সভাপতি ও জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামী। অক্টোবরে ওই বাহিনীর প্রধান হন মুজাহিদ।

তার নেতৃত্বে আলবদর বাহিনী যুদ্ধের মধ্যে ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অপহরণ, লুটপাটের মতো ব্যাপক মানবতাবিরোধী কর্মকাণ্ড চালায় বলে আদালতের রায়ে উঠে আসে। এমনকি ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের প্রস্তুতির সময়ও বাহিনী নিয়ে আত্মসমর্পণ না করার সিদ্ধান্ত নেন মুজাহিদ।

স্বাধীনতার পর মুজাহিদ জামায়াতের রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৮২ সালে কেন্দ্রীয় পরিষদের সদস্য হন। ১৯৮৯ থেকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পর ২০০০ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হন তিনি।

কোনো নির্বাচনে জয়ী হতে না পারলেও বিগত চারদলীয় জোট সরকারের সময়ে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান মুজাহিদ। জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রামের পরিচালনা পর্ষদেরও প্রধান ছিলেন তিনি।

যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার হওয়ার আগে ২০১০ সালের মার্চে জামায়াতে ইসলামীর এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে পাকিস্তানের পক্ষে কাজ করেছে। কিন্তু মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের মতো কোনো ধরনের অপরাধে জামায়াত নেতারা জড়িত ছিলেন না।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগের একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করার পর ২ অগাস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় সাড়ে পাঁচ বছর পর যুদ্ধাপরাধের দায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

</div>  </p>