২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদকে দাফন ফরিদপুরের জামায়াত পরিচালিত মাদ্রাসায়

মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফরিদপুরের শহরে তার দলের নেতাকর্মীদের দ্বারা পরিচালিত একটি মাদ্রাসায় দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 08:43 AM

Updated : 12 Oct 2022, 04:31 PM

বুদ্ধিজীবী হত্যার নির্দেশদাতা এই যুদ্ধাপরাধীর স্বজন ও দলীয় নেতাকর্মীরা মিলে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আইডিয়াল ক্যাডেট মাদ্রাসায় তাকে দাফনের সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন ফরিদপুর জামায়াতের আমির আব্দুল তাওয়াফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ফাঁসির দণ্ড কার্যকর হলে তাকে ফরিদপুরে নিয়ে এসে আইডিয়াল ক্যাডেট মাদ্রাসায় দাফন করা হবে।"

আইনি সব লড়াইয়ের নিস্পত্তির পর জামায়াত নেতা মুজাহিদ শনিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালে সন্ধ্যার পর তা নাকচ হয়।

এরপর কারা কর্তৃপক্ষ যুদ্ধাপরাধী সাকার পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য ডেকে পাঠায় এবং ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই বলে গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Image
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের দ্বারা পরিচালিত এই মাদ্রাসা প্রাঙ্গণে যুদ্ধাপরাধী মুজাহিদকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের দ্বারা পরিচালিত এই মাদ্রাসা প্রাঙ্গণে যুদ্ধাপরাধী মুজাহিদকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এরপর শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা কেন্ত্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করে সরকার।

এর আগে ফাঁসির রায় কার্যকর করা ও লাশ দাফনকে কেন্দ্র করে ফরিদপুরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

রাত ৮টার পর মুজাহিদের বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর ও আশপাশের এলাকায় র‌্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যদের মোতায়েন করা হয়।

এছাড়া ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি শহর জুড়ে র‌্যাবকে টহল দিতে দেখা যায়। এর বাইরে নিরাপত্তা জোরদারে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।