‘দেবরকে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা’
শিশু দেবরকে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক নারীকে আটক করেছে পুলিশ।
উপজেলার চন্দধূল গ্রামে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান।
আটক ঝর্ণা বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী ইসলাম শেখের স্ত্রী। আহত শিপন শেখ (৬) ইসলামের সৎ ভাই।
ওসি বলেন, এ ঘটনায় শনিবার শিপনের মা হেলেনা ঝর্ণাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলার পর ঝর্ণাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ঝর্ণা সৎ শাশুড়ি ও দেবর শিপনকে সহ্য করতে পারত না। প্রায়ই শিপনকে শারীরিক ও মানসিক নির্যাতন করত ঝর্ণা। শুক্রবার বিকালে ঝর্ণার মেয়ে ঈশিতার সঙ্গে খেলাকে কেন্দ্র করে ঝগড়ার পর শিপনের দুই গালে ও কানে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দেয়।
তবে এ ব্যাপারে ঝর্ণা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
