২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৪৫ ভর্তিচ্ছু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষা বর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব মোর্শেদ উল আলম রনি জানান, ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদে ২১টি বিষয়ে এক হাজার ২১০ আসনের বিপরীতে ৫৪ হাজার ২৯২টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতি আসনে লড়বে ৪৫ ভর্তিচ্ছু।

গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেওয়া হয়।

এর মধ্যে ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) ১১ হাজার ৮৭৩, ‘বি’ (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটে ১৩ হাজার ৯৯৪, ‘সি’ (বাণিজ্য অনুষদ) ইউনিটে ১০ হাজার ১১২,‘ ডি’ (বিজ্ঞান অনুষদ) ইউনিটে ৭ হাজার ৬৬১, ‘ই’ (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ইউনিটে ৫ হাজার ৯৫৯ এবং ‘এফ’ (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ইউনিটে ৪ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, “ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কবে দেওয়া তা আগামী ২৩ নভেম্বর ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত হবে। তবে ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।”

ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd থেকে জানা যাবে।