স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার
বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত কাওসার শেখ (৪০) গোপালগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল হিসাবে কর্মরত।
তিনি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বেমরতা গ্রামের এন্তাজ উদ্দিন শেখের ছেলে।
শনিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার খলসিখালি এলাকায় অভিযান চালিয়ে কাওসারকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান।
তিনি বলেন, যৌতুকের দাবিতে গত ১২ নভেম্বর নিজ বাড়িতে স্ত্রী মিনা বেগমকে (৩৪) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে কাওসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এ ঘটনায় নিহতের ভাই মো. কামরুজ্জামান মডেল থানায় কাওসারের বিরুদ্ধে মামলা করেন।
ওসি বলেন, “ঘটনার পর কাওসার তার কর্মস্থলে যোগ না দিয়ে আত্মগোপনে যান। গ্রেপ্তার এড়াতে তিনি বারবার তার অবস্থানও পরিবর্তনও করেন। ”
কাওসারকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মিজানুর।
