২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের বাড়ি ঘিরে নিরাপত্তা বলয়

যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার বাড়িকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 10:38 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

শুক্রবার সন্ধ্যা থেকে এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

যেকোনো ধরনের নাশকতা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা ও পুলিশ প্রশাসন জানিয়েছে।

শহরের পূর্ব খাবাসপুরে প্রধান সড়ক থেকে মুজাহিদের বাড়ির প্রবেশপথ আব্দুল আলী সড়কের মুখে অর্ধশত পুলিশ ও এপিবিএন মোতায়েন রয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, শহর ও মুজাহিদের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় তিনশ পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, জামায়াত নেতা যুদ্ধাপরাধী মুজাহিদের ফাঁসিকে কেন্দ্র করে ফরিদপুর শহরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ফরিদপুর আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। 

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি আপিল করলে চলতি বছরের ১৬ জুন চূড়ান্ত রায়েও ওই সাজা বহাল থাকে।

এরপর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়ে যায়।