২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাকাবে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ

একই সময়ে দুই পালার প্রশ্নপত্র দিয়ে দেওয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নিয়োগের একটি পরীক্ষা স্থগিত করা হয়ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 10:23 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

শুক্রবার এ ঘটনায় দুইঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন পরীক্ষা দিতে আসা চাকরিপ্রার্থীরা।

এ পরীক্ষার দায়িত্বে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক জিন্নাত আরা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত রাকাব-এর কর্মকর্তা (দ্বিতীয় শ্রেণি) পদে নিয়োগের জন্য সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ বিজ্ঞপ্তির কথা প্রকাশ হওয়ার পর পরীক্ষা দিতে আসা চাকরিপ্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা-রাজশাহী মহাসড়ক গিয়ে অবরোধ করে রাখে। এতে সড়কে দুই পাশে তীব্র যানজোটের সৃষ্টি হয়।

দুই ঘণ্টার কিছু বেশি সময় পর তারা অবরোধ প্রত্যাহার করেন।

ফরিদপুর থেকে পরীক্ষা দিতে আসা মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অনেক দূর থেকে এসেছি। পরীক্ষা যে কারণেই স্থগিত হোক না কেন, যাতায়াতের অনেক সমস্যা থাকায় আমাদের পরীক্ষা আগামী কালের মধ্যেই নিতে হবে।”

এ ব্যাপারে অধ্যাপক জিন্নাত আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুলবশত সকাল ১০টার শিফটের প্রশ্নপত্রের সঙ্গে দুপুর সাড়ে ৩টার শিফটের প্রশ্নপত্রও সরবরাহ করা হয়। ফলে একই শিফটে দুই শিফটের প্রশ্নই পরীক্ষার্থীরা হাতে পেয়ে যায়। এখন নতুন প্রশ্নমালা না থাকায় দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া সম্ভব নয়।”

সবকিছু যাচাই-বাছাই করে পরে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।

এই নিয়োগ পরীক্ষায় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজোড় রোলনম্বরধারী ১৫ হাজার ৪৪৮ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় শিফটে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জোড় রোলনম্বরধারী ১৫ হাজার ৪৫৮ জন চাকরিপ্রার্থীর অংশগ্রহণ করার কথা ছিল।