২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 05:05 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

নিহত রিয়াদ হোসেন (২৪) ফেনীর দাগনভূঞা উপজেলার গৌতমখালী গ্রামের রহিম আলীর বড় ছেলে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ওই দেশে থাকা রিয়াদের চাচাত ভাই নজরুল ইসলাম বাড়িতে ফোন করে খবর জানান।

রিয়াদের চাচা ইয়াকুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিয়াদ মেন্ডেলা সিটির আমতাতা এলকায় একটি দোকানে কাজ করতেন। সম্প্রতি তিনি ওই দোকানের পাশে নিজে দোকান দিয়ে ব্যবসা শুরু করেন।

“বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সময় বিকাল সাড়ে ৩টায় কয়েকজন লোক রিয়াদকে গুলি করে দোকানের মালামাল নিয়ে পালিয়ে যায়।”

“স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।”

রিয়াদ হোসেন ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যান।