দলের সাবেক নেতাকে পেটাল ছাত্রলীগ কর্মীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক এক নেতাসহ চার জনকে পিটিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা।
বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ৩০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান ওই কক্ষের আবাসিক ছাত্র মোস্তাফিজুর রহমান আম্মান।
আহতরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক নূর জাহিদ সরকার নিয়ন, লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নূর কুতুবুল আলম সবুজ, দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আম্মান, ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নিশান চৌধুরী।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মোস্তাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়ন ভাই চাকরির পরীক্ষা দিতে রাজশাহী আসেন। রাতে তিনি আমার রুমে ছিলেন।
“এ সময় হল শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর ইসলামের অনুসারী ভাষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নীরব, তৃতীয় বর্ষের নাজমুল, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সমীরণ কুমার মন্ডল, নৃ-বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সংগীত ও সানোয়ারস প্রায় ১৫ জন রুমে এসে তাকেসহ আমাকে মারধর করে। ”
পাশের রুম থেকে কুতুবুল ও নিশান বাঁচাতে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “তাদের হাসপাতালে রেখে সকালে রুমে এসে দেখি রুম থেকে দুইটি গিটার, একটি ল্যাপটপ ও আমার শিক্ষাসনদসহ কিছু মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়েছে।”
পেটানোর কথা স্বীকার করে মিজানুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের সাবেক এক নেতা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিয়োগপরীক্ষায় জালিয়াতির উদ্দেশ্যে ওই কক্ষে অবস্থান নেয়। তাই তাদেরকে মেরে হল থেকে বের করে দেওয়া হয়েছে।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলের বিষয়টি আমি শুনেছি। তবে লুটপাট ও মারধরের বিষয়টি জানি না।”
নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনেছি। পরবর্তীতে যাতে এ ধরণের ঘটনা যাতে না তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”
