স্কুলছাত্র সাঈদ হত্যা: সাক্ষ্যগ্রহণ শুরু
সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলায় পাঁচ সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা ১টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদের আদালতে সাক্ষগ্রহণ করা হয় বলে জানান পাবলিক প্রসিকিউটর আব্দুল মালেক।
এরা হলেন, সাঈদের বাবা ও মামলার বাদী মতিন মিয়া, আশরাফুজ্জামান আজম, ফিরোজ আহমদ, ওলিউর রহমান ও শফিকুল ইসলাম আলকাছ।
আগামী রোববার মামলার পরবর্তী সাক্ষগ্রহণের দিন ঠিক করেছেন আদালত। এ মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে।
এর আগে গত মঙ্গলবার একই আদালতে মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এরা হলেন, সিলেটের বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত ‘সোর্স’ আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুম।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার তিনদিন পর নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ।
১৫ মার্চ নিহতের বাবা আব্দুল মতিন কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
গত ২৩ সেপ্টেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
অভিযুক্তদের মধ্যে এবাদুর, রাকিব ও গেদা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।
মাহিব হোসেন মাসুম পলাতক ছিলেন। ৮ নভেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল জব্দের নির্দেশ দিলে ১০ নভেম্বর আত্মসমর্পণ করেন মাসুম।
