দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু
ঘন কুয়াশায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল আবার শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম।
এদিকে চলাচল স্বভাবিক হলেও পারাপারের অপেক্ষায় থাকা কয়েকশ যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফিড মিল এলাকা পর্যন্ত চার কিলোমিটার জুড়ে দুই সারিতে শত শত যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।
তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি।
ঘন কুয়াশার কারণে বুধবার রাত ২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সময় যানবাহন বোঝাই সাতটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
