হরতালে স্বাভাবিক সাতক্ষীরা
যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় জামায়াতে ইসলামীর ডাকা হরতালে স্বাভাবিক রয়েছে সাতক্ষীরার জনজীবন।
বৃহস্পতিবার সকাল থেকে জেলায় কোথাও হরতালের সমর্থনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।
তিনি জানান, জেলার সবকটি রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে ব্যাংক-বীমা, স্কুল-কলেজ ও অফিস-আদালত।
ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
যেকোনো ধরনের নাশকতা এড়াতে শহরে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পুলিশের সঙ্গে দুই প্লাটুন বিজিবিও রিজার্ভ রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
হরতালে আন্তঃজেলা ছাড়াও দেশের অন্যান্য রুটেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
সাতক্ষীরা পরিবহন বাস মালিক সমিতির সভাপতি তাহমিদ হাসান চয়ন জানান, সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল করছে।
এদিকে নাশকতার আশঙ্কায় জামাতায়-বিএনপির ১৭ কর্মীসহ ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার এসআই এনামুল হক বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে জামায়াতের ১৪ জন ও বিএনপির তিন কর্মীসহ অন্যান্য মামলার ২০ জন আসামি রয়েছে।
বুধবার আপিল বিভাগের রায়ের পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই হরতালের বার্তা দেওয়া হয়। তবে হরতাল কতক্ষণ চলবে- সে বিষয়ে কিছু বলা হয়নি বার্তায়।
