শীতলক্ষ্যায় ট্রলার ডুবে নিখোঁজ ২
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার বরফকল খেয়াঘাটে নদী পারাপারের সময় গাছবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী অপর একটি ট্রলার ডুবে দুই জন নিখোঁজ হয়েছেন।
বুধবার বিকালের এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে নারায়ণগঞ্জ নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান।
নিখোঁজরা হলেন- শহরের ডনচেম্বার এলাকার ওষুধ ব্যবসায়ী মোশারফ হোসেন (৪০) ও ট্রলার চালক আল আমিন (৩০)।
আহতদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই আবু তাহের বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে তল্লাশি চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে বন্দর উপজেলার জামাল সোপ ঘাট থেকে ১৫/২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার শহরের বরফকল খেয়াঘাটে আসার সময় গাছবাহী ট্রলারের ধাক্কায় ডুবে যায়। নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এক যাত্রী ও ট্রলার চালক নিখোঁজ হয়।
গাছবাহী ট্রলারটিসহ এর চালক লোকমান বেপারীকে (৬৫) আটক করা হয়েছে বলে জানান এসআই।
