২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

শেরপুরে সাত বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

সাজাপ্রাপ্ত সাহেব আলী (২১) ঝিনাইগাতী উপজেলার মধ্য বাঁকাকুড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান বুধবার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম কিবরিয়া বুলু জানান, গত বছরের ২৭ জুন বাঁকাকুড়া গ্রামের গারো সম্প্রদায়ের এক প্রতিবন্ধী শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে সাহেব আলী।

এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হাতেনাতে সাহেব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনার পর শিশুটির বাবার দায়ের করা মামলায় ওই বছরের  ১১ অগাস্ট অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলায় নয়জন সাক্ষ্য দেন।