সহকর্মীর রাবার বুলেটে আহত পুলিশ
নীলফামারীতে দায়িত্ব পালনকালে ‘অসাবধানতাবশত’ এক পুলিশ সদস্যের শটগান থেকে রাবার বুলেট বেরিয়ে গেলে তার সহকর্মী আহত হয়েছেন।
বুধবার জেলা জজ আদালত চত্বরে এই ঘটনা ঘটে বলে জানান নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা।
আহত নীলফামারী থানার এএসআই আমিনুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, সকালে আদালত চত্বরে দায়িত্ব পালনের সময় কনস্টেবল তানজিনা আক্তার তার শটগানটি লোড করতে গেলে অসাবধানবশত একটি রাবার বুলেট বেরিয়ে যায় এবং তা আমিনুরের ডানপায়ে বিদ্ধ হয়।
“সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অস্ত্রোপচার করে তার পায়ের হাঁটুর নিচ থেকে গুলি ও গুলিতে থাকা ছয়টি সিসা বের করা হয়।”
হাসপাতালের চিকিৎসক মো. আউয়াল বলেন, আমিনুরের ডানপায়ে এখনও একটি সিসা থেকে যাওয়ায় আরেকটি অস্ত্রোপচারের জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নীলফামারী সহকারী পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, “মিসফায়ারিংয়ের কারণে এই ঘটনা ঘটেছে।”
