সাভারে বিএনপি নেতার বাড়িতে ‘ডাকাতি’
ঢাকার সাভারে কারাবন্দি এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে তবে পুলিশের দাবি ঘটনাটি সাজানো।
বুধবার ভোররাতে সাভার পৌর এলাকার উলাইল মহল্লায় বিএনপি নেতা মো. রেফাত উল্লাহর বাড়িতে এ ডাকাতি ঘটনার অভিযোগ পাওয়া যায়। নাশকতার একটি মামলার বর্তমানে কারাগারে থাকা রেফাত উল্লাহ সাভার পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র।
সাভার মডেল থানার ওসি মো.কামরুজ্জামান বলেন, “ওই বাড়িতে কোন ডাকাতি হয়নি। কারাগারে থাকা রেফাত উল্লাহকে জামিনে মুক্ত করতেই তার পরিবারের লোকেরা ঘর তছনছ করে ডাকাতির এই নাটক সাজিয়েছে।”
ডাকাতদের হামলায় আহত রেফাতের স্ত্রী সাবিনা আক্তার, ছেলে ছাব্বির ও মেয়ে রিমি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তারা জানান, বুধবার আনুমানিক আড়াইটার দিকে বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ২০/২৫ জন দুর্বৃত্ত তাদের বাড়িতে ঢোকে।
তারা দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে নগদ তিন লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণ, দুটি ল্যাপটপসহ প্রায় লাখ টাকার মালামাল লুট করে।
“এ সময় তাদের বাধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে আমাদের জখম করে ও ঘরের মালামাল তছনছ করে পালিয়ে যায়”, বলেন সাবিনা আক্তার।
তবে কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।
সরেজমিনে ঘুরে ঘরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মালামাল পড়ে থাকতে দেখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি।
