২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালিশে হামলায় ১ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছাগল মারার ঘটনায় সালিশের সময় হামলায় এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 12:59 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

নিহত মুনসুর আলী (৪৮) মনোহরপুর ডাকাতপাড়ার ফিরোজ আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের আতাউর রহমান, আনিসুর রহমান ও তোজাম্মেল হক।

শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন আগে ওই গ্রামের মো. হুমায়ুনের একটি ছাগল নিখোঁজ হওয়ার পর মুনসুর আলীর ভুট্টাক্ষেতে মৃত অবস্থায় পাওয়া যায়। হুমায়ুনের অভিযোগ, ভুট্টাক্ষেতে যাওয়ার কারণে মুনসুর আলীই ছাগলটি মেরে ফেলে রেখেছেন।

“বিষয়টি নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে উভয় পক্ষকে ডেকে সালিশে বসেন মুরব্বিরা। এ সময় মুনসুর আলী ছাগল মারার অভিযোগ অস্বীকার করলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তার উপর হামলা চালায়। এতে মুনসুর আলী ঘটনাস্থলেই মারা যান।”

এ সময় সালিশে আসা আতাউর রহমান, আনিসুর রহমান ও তোজাম্মেল হক হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হন।

আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এখনও মামলা হয়নি।