শিশু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড জামালপুরে
জামালপুরে ১৪ বছর আগে এক শিশুকে হত্যার দায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে একটি আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার বুধবার এ রায় দেন।
দণ্ডিতরা হলেন তোফায়েল ইসলাম হীরা (৩৪), লোকমান আলী (৫৮), আয়নুল হক ওরফে আয়নাল হক (৬০), তার ছেলে আনোয়ার হোসেন (৩৫) এবং হীরার বন্ধু সোহেল রানা ওরফে শিপন (৩৫)।
রায় ঘোষণার সময় দণ্ডিত আয়নুল হক ও লোকমান আলী এবং খালাস পাওয়া ফারুক হোসেন (৪০) আদালতে উপস্থিত ছিলেন বলে জানান আদালতের অতিরিক্ত পিপি আবুল কাশেম তারা।
মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ৩১ মে সন্ধ্যায় ঠাণ্ডা পানীয় খাওয়ানোর কথা বলে জেলা শহরের আমলাপাড়ার আমেরিকা প্রবাসী লুৎফর রহমানের ছেলে মোত্তাসিম বিল্লাহকে (৭) ডেকে নেন তার চাচাত ভাই তোফায়েল আহমেদ হীরা।
এরপর হীরা, আনোয়ার হোসেন ও সোহেল রানা শিপন বালিশ চাপা দিয়ে মোত্তাসিম বিল্লাহকে হত্যা করে লাশ আনোয়ার হোসেনের নান্দিনার বাসার একটি কক্ষে পুঁতে রাখেন।
ঘটনার ৮০ দিন পর লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় নিহতের খালু আশরাফ হোসেন বাদী হয়ে দণ্ডিতদেরসহ ছয় জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ওই ছয়জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হয়। রায়ে তাদের মধ্যে আয়নুল হক ওরফে আয়নাল হকের ছেলে ফারুক হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
