কিবরিয়া হত্যা মামলা: পিছিয়েছে অভিযোগ গঠন
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি। এর নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত।
মঙ্গলবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ আগামী ৫ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করেন।
হবিগঞ্জের পিপি আকবর হোসেন জিতু সাংবাদিকদের জানান, আটক ১৫ আসামির কাউকে মঙ্গলবার আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। তাই অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে।
কিবরিয়া হত্যায় বিস্ফোরক মামলায় গত ৫ আগস্ট হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে ৩২ জনকে আসামি অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
ওই আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা অভিযোগপত্র গ্রহণ করে গত ১৩ অক্টোবর তা হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পাঠান।
আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জিকে গউছসহ ১৫ জন কারাগারে, আটজন জামিনে, নয়জন পলাতক রয়েছেন বলে জানান পিপি।
২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এএম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী নিহত হন।
পরের দিন আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান বাদী হয়ে এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।
