মানিকগঞ্জে গৃহবধূকে ‘নির্যাতন’, শাশুড়ি আটক
মানিকগঞ্জ পৌর এলাকার এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে তার শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই গৃহবধূ পক্ষ থেকে মঙ্গলবার মামলা দায়েরের পর তার শাশুড়িকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন।
সদর থানার এসআই মাসুদ মুন্সী জানান, প্রেমের সম্পর্ক থেকে চার বছর আগে পৌরসভার বান্দুটিয়া কাপালিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এমদাদুল্লাহ বিয়ে করেন ওই নারী। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শাশুড়ি তাকে প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ গত শুক্রবার তাকে মারধর করা হয়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আরএমও বলেন, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গরম কিছু দিয়ে ছ্যাকা দেওয়ার চিহ্নও রয়েছে তার দেহে।
