২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি হত্যায় আটক ৩ জন অস্ত্র মামলায় রিমান্ডে

রংপুরে জাপানি নাগরিক হোশিও কুনি হত্যায় জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক তিন জনকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচারিক হাকিম নুর মোহাম্মদ শাহরিয়ার কবির শুনানি শেষে তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সদর থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি বলেন, রংপুরের পুলিশ তাদের সাত দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করলে শুনানি শেষে দুই দিন করে মঞ্জুর করেন বিচারক।

এরা হচ্ছে সদরের শালবন শাহীপাড়ার মোহা. হানিফের ছেলে রাজিব হোসেন ওরফে মেরিল সুমন (২৫), একই থানার সেন্ট্রাল রোড জুম্মাপাড়ার আব্দুল লতিফের ছেলে নওশাদ হোসেন ওরফে রুবেল ওরফে কালা রুবেল (২৭) এবং শালবন মিস্ত্রীপাড়া শিয়ালুর মোড় গ্রামের বাবলু চন্দ্র বর্মনের ছেলে কাজল চন্দ্র বর্মন ওরফে ভরসা কাজল (২৫)।

এর আগে সকালে তাদের কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয়।

গত ১৩ নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর ও সাতনইল এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তুল, একটি রিভলভার,  একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।

পরের দিন অস্ত্র আইনে মামলা করে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করে র‌্যাব।